নীলকন্ঠ চট্টপাধ্যায়, ঢাকা: নির্বাচনের আগে বাংলাদেশের মাদারীপুরের কালকিনি উপজেলায় সেনা হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। নিহতের পরিবারের দবি শারীরিক নির্যাতনের ফলে যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ সেনা হেফাজতে মৃত যুবকের নাম রাসেল কাজী (৩৩)।
গত শনিবার ভোর ৬টার দিকে সেনা সদস্যরা রাসেল কাজীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় নির্মমভাবে নির্যাতন করা হয়। এ সময় রাসেলের মুখে গামছা গুঁজে রাখা হয় বলে অভিযোগ। একটা সময়ে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে মুলাদী সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
সেনা হেফাজতেই তার চিকিৎসা করা হয় বলে দাবি মৃতর পরিবারের । সেনাবাহিনীর এক কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে জানান, রাসেল মারা গেছে, দ্রুত যেন তার মরদেহ নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে অংশ নেন নিহতের বাবা আলাম কাজী, মা ছলেহা বিবি, ভাই কাসেম কাজী, হাশেম কাজী, সোহাগ কাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
