নীল বণিক : অবসর গ্রহণের পর মমতার দলে কি নাম লেখাচ্ছেন বাংলার প্রাক্তন ডিজিপি রাজিব কুমার ? ২৬এর নির্বাচনে প্রার্থী হতে পারেন সদ্য অবসর নেওয়া পুলিশ কর্তা রাজীব কুমার! তৃণমূলের রাজ্য নেতাদের মধ্যে এই নিয়ে চলছে গুঞ্জন।
বাংলার ক্ষমতায় বসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে আস্থাভাজন আইপিএস অফিসার ছিলেন রাজীব কুমার। মমতার আমলে চিটফান্ড কান্ডের দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর গুডবুকে ছিলেন না রাজিব কুমার। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাত থেকে রাজিব কুমারকে রক্ষা করতে ধর্নায় বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রাক্তন ডিজিপিকে রক্ষা করতে মোদি সরকারের সঙ্গে সরাসরি যুদ্ধ করেছিলেন মমতা৷ বাংলার মুখ্যমন্ত্রীর অতি সক্রিয়তার জন্যই সিবিআইয়ের গ্রেফতারি এড়িয়ে যেতে পারেন রাজিব কুমার। তবে বিধানসভা ভোটের আগে ফের মমতার সঙ্গে জুটি বাঁধতে পারেন রাজিব কুমার। তাকে বিধানসভা ভোটে প্রার্থী করতে পারে তৃণমূল। হুগলি জেলা থেকে রাজিব কুমারকে প্রার্থী করতে ভাবনাচিন্তা শুরু করেছে তৃণমূল ভবন।
মমতার দলের প্রার্থী তালিকায় সব সময় গুরুত্ব পেয়ে থাকেন প্রাক্তন আমলারা। অবনী মোহন জোয়াদ্দার, রজপাল সিং, সুলতান সিং, হুমায়ুন কবির খান, মনীষ গুপ্তর মতন প্রাক্তন আমলাদের বিধানসভায় পাঠিয়েছে তৃণমূল। ২৬’এর নির্বাচনে দেশের সেরা প্রাক্তন আইপিএসকে প্রার্থী করতে ইচ্ছুক ঘাসফুল শিবিরের বেশ কয়েকজন হেভিওয়েট। তবে রাজিব কুমার প্রার্থী হতে রাজি কিনা তা জানা সম্ভব হয়নি। অন্যদিকে রাজীব কুমারের নাম নিয়ে তৃণমূল প্রকাশ্যে কিছু বলেনি। সবটাই দলের অন্দরে জল্পনা মাত্র। তবে এবারের নির্বাচনে বৈতরণী পার হতে রাজিব কুমারের মাথাকে কাজে লাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মত অবশ্য এমনটাই।
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের এক শীর্ষ নেতার সঙ্গে দূরত্ব রয়েছে রাজীব কুমারের। তিনি এখন রাজিব কুমারকে চাইবে কিনা সেটাই দেখার।
