
নিজস্ব প্রতিবেদন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল দেশ-বিদেশের সাংবাদিকদের সাথে এক ভার্চুয়াল আলোচনায় বলেন, বাংলাদেশের জনগণ এবং বিশ্বনেতৃবৃন্দ কোন অসাংবিধানিক জবরদখলকারী অরাজনৈতিক, অপশক্তি বা গোষ্ঠীকে মেনে নিতে পারেনা।
সম্ভাব্য নির্বাচনী তফসিল ঘোষণার এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবেনা এবং জনগণ মানবেনা। বিশ্বনেতৃবৃন্দ বাংলাদেশে সতর্ক দৃষ্টি রাখছে। আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক সমর্থন নিয়ে রাজনীতিতে ফিরে আসবো। দলীয় নেতা কর্মীদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, যে যার অবস্থান থেকে লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তিকে আরেকটি যুদ্ধের মাধ্যমে হলেও বাংলার মাটি থেকে নির্মুল করবোই করবো।
প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত স্বীকৃত বন্ধু রাষ্ট্র। একাত্তর সালে ভারতের সহযোগিতায় বাংলাদেশ যেমনিভাবে স্বাধীনতা অর্জন করেছে ভবিষ্যতেও কোন দুর্যোগ এলে বন্ধু রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা আমাদের সাথে থাকবে বলে বিশ্বাস করি।
